রায়পুরায় কলেজ ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত একদল সন্ত্রাসী কলেজ ক্যাম্পাসে ঢুকে তার ওপর হামলা চালায়।

পুলিশ বলছে, স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে অধ্যক্ষের দ্বন্দ্ব রয়েছে, যার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা জেনেছে।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন জানান, আজ সকালে তিনি কলেজে গিয়ে নিজের কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ একদল বহিরাগত সন্ত্রাসী তার কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের অন্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

তবে হামলাকারীদের নাম-পরিচয় বা ঠিক কী কারণে হামলা হয়েছে, সে বিষয়ে অধ্যক্ষ নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একই সন্ত্রাসী চক্র এই কলেজে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে অধ্যক্ষের দ্বন্দ্ব রয়েছে বলে আমরা জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Related Articles

Latest Posts