রাজবাড়ীতে পুলিশের সামনে নারীকে মারধরের ঘটনায় কারাগারে ৩

রাজবাড়ীর শহরের কাপড় বাজারে পুলিশের সামনে নারীকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তাররা হলেন—রাজবাড়ী পৌর এলাকার হেলাল উদ্দিন (৩৮), আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯) ও মো. রুবেল হোসেন (১৯)।

ওসি উত্তম কুমার বলেন, গতকাল সোমবার রাতে কাপড় বাজারের ব্যবসায়ী জাকিয়া সুলতানা বাদী হয়ে মামলা করেন। এতে নয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

মামলার এজাহার থেকে জানা গেছে, জাকিয়া সুলতানা রাজবাড়ী কাপড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরে গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫-২০ জনকে নিয়ে জাকিয়ার প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি ও তাকে হুমকি দেন।

এ ঘটনার জেরে গত ২৯ আগস্ট সকাল ১১টার দিকে রাজবাড়ীর কাপড় বাজারে জাকিয়াকে মারধর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, এক নারী পুলিশ সদস্য ওই নারীকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। পেছনে রয়েছেন আরও দুজন পুরুষ পুলিশ সদস্য। এ সময় হঠাৎ এক যুবক ওই নারীকে লাথি দেন। পরে পেছনে থাকা এক পুলিশ সদস্য ওই যুবককে সরিয়ে দেন। এরপর আরেক যুবক ওই নারীকে লাথি দেন। সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তিও তাকে লাথি দেন।

Related Articles

Latest Posts