রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ নয়: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘যতদিন সংসদের ভেতরে লড়াই করতে পারব, ততদিন (সংসদে) থাকব। এর বাইরে এক মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা। সংসদ আমার মূল ঠিকানা নয়।’

আজ রোববার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান বলেন, ‘সংসদে এই দেশের দুঃখী জনগণ একটা পরিবর্তনের আশায় আমাদের পাঠিয়েছে। সেই পরিবর্তনের সূচনা যদি আমরা না করতে পারি, সেই সংসদ দিয়ে আমাদের কী হবে?’

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, ‘পার্লামেন্টে আমি দুই-তিনবার বলেছি—পার্লামেন্টে এমন সদস্য খুঁজে পাওয়া কঠিন হবে যিনি ফ্যাসিবাদের হাতে জুলুমের শিকারে পরিণত হননি। সুতরাং এটি মজলুমদের একটা মিলন মেলা। মজলুম তো মজলুমের দুঃখ বোঝার কথা। কিন্তু আফসোস ক্ষমতার চেয়ার সম্ভবত এরকমই নির্মম যে, মানুষকে তার অতীত ভুলিয়ে দেয়। তখন সামনে ক্ষমতার ওই সোনালী ঘোড়ার দৌড় ছাড়া আর কিছুই দেখে না।’

তিনি আরও বলেন, ‘জুলাই যুদ্ধের পরে অনেকে কার কত দলীয় সদস্য শহীদ হয়েছে তার ভাগ-বাটোয়ারা করেছেন। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম—শহীদরা কোনো দলের প্রপার্টি নয়। এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে এর ভাগ-বাটোয়ারা করতে চাই না।’

সংস্কার প্রশ্নে বিএনপির ৩১ দফা নির্বাচনী ইশতেহারের কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘বিএনপি ওয়াদা দিয়েছিল। ৩১ দফা সংস্কারের কথা বারবার বলে। এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা এর বিপক্ষে অবস্থান নিয়েছে।’

সভায় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের দুই বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের জায়গায় আছি যে, বাংলাদেশকে সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন করতে হবে। কিন্তু এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার।’

‘সংসদকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চলছে’ মন্তব্য করে নাহিদ জুলাই যোদ্ধাদের আবারও গণআন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না। তবে এবার আমাদের পরিকল্পনা মোতাবেক রাজপথে নামতে হবে। এবার আর ব্যর্থ কিংবা অর্ধেক সফল হতে চাই না।’

১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় জুলাই শহীদদের পরিবারের সদস্য ও আন্দোলনে আহতদের অন্তত ১০ জন বক্তব্য দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

Related Articles

Latest Posts