রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, অস্ত্রসহ আটক ১

রাজধানীর শনির আখড়ায় দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। 

শনিবার রাত ৮টার দিকে শনির আখড়ার জিয়া সরণি রোডে এ ঘটনা ঘটে।

কদমতলী থানার পরিদর্শক সজিব কুমার বাড়ৈই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত আসলাম খানকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসলামের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাদের বাসা শনির আখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের দোকান রয়েছে। রাত ৮টার দিকে দোকানে এক ক্রেতার সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি দোকানে ঢুকে আসলামকে লক্ষ্য করে গুলি করেন। তার বাঁ হাতে ও ডান গালে গুলি লাগে।

তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। আসলামকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে স্থানীয় আটক করেন।

পরিদর্শক সজিব কুমার বলেন, অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Related Articles

Latest Posts