চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক হত্যা মামলায় সিসিটিভি ফুটেজে দেখা দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার দুইজন হলেন—আবছার মিয়া (৩০) ও মো. দিদার আলম (৩০)।
এসপি মাসুদ আলম বলেন, রোববার রাতে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে রাউজানের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি শটগান উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, আমাদের সফল অভিযানের মাধ্যমে অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিতে সক্ষম হয়েছি। যুবদল নেতা মাসুদুল হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে দেখা তিন অস্ত্রধারীকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।
মাসুদ আলম আরও বলেন, অধিকাংশ অস্ত্রধারী সন্ত্রাসী রায়হান আলমের সহযোগী। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।
এর আগে গত ২৭ জুলাই মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াসকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সিসিটিভি ফুটেজে মাসুদুলকে হত্যার সময় গোলাপি রঙের টি-শার্ট পরা অবস্থায় তার হাতে একটি শটগান দেখা যায়।
মাসুদুল হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, মাসুদুলকে হত্যার সময় দিদারের হাতে একটি পিস্তল ছিল। আর আবছারের হাতে ছিল শটগান। দুইজনই মাসুদকে লক্ষ্য করে গুলি চালান এবং সিসিটিভি ফুটেজে তাদের স্পষ্ট দেখা যায়। তারা তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান আলমের সঙ্গে অর্থের বিনিময়ে ভাড়াটে খুনি হিসেবে হত্যাকাণ্ডটি ঘটনায়।
গত ১৫ জুন চট্টগ্রামের রাউজানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক।

