রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন শ্রেণির মধ্যে শত্রুতা উসকে দেওয়া এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াস ও মো. সাকিবুল হাসানের ৩ দিন এবং মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন জানান, আজ রোববার পুলিশের পক্ষ থেকে আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

গতকাল ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীত পাশের একটি দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে এই ৪ জনকে আটক করা হয়। আজ শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আজ আদালতে দাখিল করা পুলিশের ফরওয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়েছে, ফুটপাত থেকে হকার উচ্ছেদে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শিল্পকলা একাডেমির গেটের বিপরীতে গণপূর্ত অধিদপ্তরের সীমানাপ্রাচীর-সংলগ্ন ফুটপাতটি দখলমুক্ত করে। পরে ওই দেয়ালে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সাহিত্য তুলে ধরে গ্রাফিতি আঁকা হয়। ৯ অক্টোবর আয়াস ঘোষণা দেন, দেয়ালে সাদা রং করে তিনি গ্রাফিতিগুলো মুছে ফেলবেন।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ১০ অক্টোবর আয়াস ও অন্য আসামিরা ঘটনাস্থলে যান। এ সময় আসামি মারজিয়া নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির ওপর কালো কালি লেপে দেন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে তিনি ধর্মীয় বিদ্বেষ ছড়ানোরও চেষ্টা করেন, যার মাধ্যমে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিরোধ সৃষ্টির চেষ্টা করা হয়।

গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাতটি দখলমুক্ত করে ডিএসসিসি। পরে পাশের দেয়ালে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১০ জন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। তাদের মধ্যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পী জয়নুল আবেদিন ও চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়।

Related Articles

Latest Posts