বিশ্বকাপে নজর কাড়ার পর এবার ক্লাব ফুটবলেও বড় মঞ্চে পা রাখছেন আয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী মরক্কোর এই মিডফিল্ডারকে লিল থেকে ১০ কোটি ইউরোতে দলে টেনেছে ম্যানচেস্টার সিটি। রদ্রি বার্সেলোনায় চলে যাওয়ার পর মাঝমাঠের যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি পূরণে তরুণ এই তারকার ওপরই বড় অঙ্কের আস্থা রাখল ইংলিশ ক্লাবটি।
লিল বুধবার নিশ্চিত করেছে, পাঁচ বছরের চুক্তিতে বুয়াদ্দিকে দলে নিয়েছে সিটি। চুক্তির মূল্য ১০০ মিলিয়ন ইউরো, যা প্রায় ৮৬ মিলিয়ন পাউন্ড বা ১১৭ মিলিয়ন ডলারের সমান। বিশ্বকাপে মরক্কোর হয়ে দারুণ পারফরম্যান্সের পরই তাকে ঘিরে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ বাড়ে। শেষ পর্যন্ত সেই দৌড়ে জয়ী হলো ম্যানচেস্টার সিটি।
সাম্প্রতিক বিশ্বকাপে মরক্কোর হয়ে আলো ছড়ানো বুয়াদ্দি দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ আটে অবশ্য ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় মরক্কো। বিশ্বকাপের সেই পারফরম্যান্সই তরুণ মিডফিল্ডারের বাজারমূল্য আরও বাড়িয়ে দেয়।
সিটিতে এসে নতুন করে সাজানো মাঝমাঠে ইংল্যান্ডের ইলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে জায়গা করে নেবেন বুয়াদ্দি। রদ্রিকে বার্সেলোনায় এবং তিজ্জানি রেইন্ডার্সকে আল-কাদসিয়াহর কাছে বিক্রি করার পর মাঝমাঠে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সিটি। নিকো গঞ্জালেজও ক্লাব ছাড়ার পথে রয়েছেন বলে জানা গেছে।
সিটিতে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাসও লুকাননি বুয়াদ্দি, ‘আমার ও আমার পরিবারের জন্য এটি বিশেষ একটি দিন। আমার কাছে ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব।’
তরুণ এই ফুটবলার আরও বলেন, ‘এখানে থাকা এবং নিজেকে সিটির খেলোয়াড় বলতে পারা আমার স্বপ্ন। জীবনের বেশির ভাগ সময়ই আমি কঠোর পরিশ্রম করেছি, যাতে সেরা খেলোয়াড় হতে পারি এবং ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারি।’
সিটির খেলার ধরনও যে তাকে আকৃষ্ট করেছে, সেটিও জানিয়ে বুয়াদ্দি বলেন, ‘আমি বহু বছর ধরে সিটিকে দেখেছি এবং তাদের খেলার ধরন আমার খুব ভালো লাগে। সিটি সবসময় মানসম্পন্ন ফুটবল খেলার চেষ্টা করে। তারা নিজেদের বিজয়ী হিসেবে প্রমাণ করেছে, এই ক্লাবটিই যেন জয়ের জন্য তৈরি।’
গত মৌসুম শেষে পেপ গার্দিওলার জায়গায় ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেওয়া এনজো মারেস্কা মাঝমাঠকে নতুন করে সাজানোকে অগ্রাধিকার দিয়েছেন। বুয়াদ্দিকে দলে ভেড়ানো সেই পরিকল্পনারই বড় অংশ।
তবে মাঝমাঠে সিটির পরিকল্পনা এখানেই শেষ নয়। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের প্রতিও সিটির আগ্রহ রয়েছে বলে জানা গেছে। যদিও ১২ কোটি পাউন্ড মূল্যায়ন করা এই খেলোয়াড়ের জন্য প্রস্তাব দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে।
নতুন মৌসুমের শুরুতে অবশ্য সিটির পথটা খুব মসৃণ ছিল না। কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে ৩-০ গোলে হারের পর প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা।

