‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’ নিয়ে মিশ্র সাড়া দর্শকদের

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ এর প্রথম গান ‘পিরিতি’ প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দর্শকদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ইউটিউবে মন্তব্যের ঘরে আশরাফ নামের এক দর্শক লিখেছেন, ‘গানের মধ্যে শাকিব খান দুর্দান্ত, তার লুক একদম মনে এসে লেগেছে।’ 

তবে কেউ কেউ গানের ভিডিওতে দেখানো শাকিবের জেলজীবনের সঙ্গে বলিউডের কিছু সিনেমার মিল খুঁজছেন। মতিন নামের এক দর্শক লিখেছেন, ‘রণবীর কাপুরের রকস্টার এবং সালমান খানের তেরে নাম সিনেমাতেও এমন জেলের দৃশ্য ছিল।’

‘পিরিতি’ গানের বড় চমক এর চিত্রায়ণ। পুরো গানটি ধারণ করা হয়েছে কারাগারের ভেতরে। ভিডিওতে শাকিব খানকে অত্যন্ত বিধ্বস্ত ও আবেগাপ্লুত অবস্থায় দেখা গেছে। তবে তিনি কেন জেলে গেছেন, সে বিষয়ে এখনো কোনো কিছু খোলাসা করা হয়নি, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

গানটির গায়কী নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পান্থ কানাইয়ের গাওয়া এই গানটি নিয়ে রাজীব নামের একজন মন্তব্য করেছেন, ‘পান্থ কানাই ভালো গেয়েছেন, তবে কয়েকটি জায়গায় আরও আবেগ দেওয়া উচিত ছিল।’ অনেকেই আবার এই গানটি পান্থ কানাইয়ের কণ্ঠে খুব একটা পছন্দ করেননি।

‘পিরিতি’ গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত, সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায় শাকিব খানের সঙ্গে পান্থ কানাইকেও দেখা গেছে।

Related Articles

Latest Posts