টানা ১৩ দিন হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরান জানিয়েছে, তারাও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছে।
আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত দুই রাতে ইরানে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। যার ফলে, ইরানও ওই অঞ্চলে প্রতিশোধমূলক হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আকরামিনিয়া বলেন, ‘দুই রাত আগেও হামলা অব্যাহত ছিল। গত রাতে আমেরিকানরা হামলা বন্ধ করেছে।’
‘আমরা মূলত মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছিলাম। যেহেতু মার্কিন পক্ষ হামলা বন্ধ করেছে, আমরাও পাল্টা হামলার অভিযান স্থগিত করেছি,’ তিনি আরও বলেন।
ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নাজুক অবস্থায় পৌঁছে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে ওই অঞ্চলে মোতায়েন করা অত্যন্ত ব্যয়বহুল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত অন্যান্য ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় নিঃশেষিত।
এই অবস্থায় ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে বলে মার্কিন কর্মকর্তারা মত দেন।
সূত্রদের মতে, ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন। বৈঠকের পর তিনি হামলা স্থগিতের সিদ্ধান্ত দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র জানান, ট্রাম্প এখনো তার এই সিদ্ধান্তের সময়সীমার ব্যাপারে কিছু জানাননি। অর্থাৎ, এক-দুই দিন পর আবার হামলা শুরু হতে পারে। আবার দীর্ঘ সময় ধরেও হামলা বন্ধ থাকতে পারে

