রাজধানীতে এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরার পর বমি করিয়ে স্বর্ণের দুল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। আটক—মো. সেলিম (২৮) রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকার বাসিন্দা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল হান্নান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রাবাড়ী মোড় এলাকায় রিকশায় থাকা নিপা আক্তারের (৩৫) কানের স্বর্ণের দুল ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন সেলিম। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ওই নারীর চিৎকার শুনে ট্রাফিক সার্জেন্ট ইমরান মৃধা ও দুজন ট্রাফিক কনস্টেবল ধাওয়া করে সেলিমকে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে দুল ছিনতাইয়ের কথা স্বীকার করে সেলিম।
পরে যাত্রাবাড়ী এলাকার পাবলিক টয়লেটের বেসিনে নিয়ে তাকে বমি করিয়ে কানের দুল উদ্ধার করে পুলিশ।
ডেমরার সারুলিয়ার বাসিন্দা নিপা ডেইলি স্টারকে জানান, গত সোমবার থেকে তিনি মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন যাত্রাবাড়ীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট তুলে হাসপাতালে ফেরার পথে এ ঘটনা ঘটে।
‘ঘটনার সময় রিকশায় আমি একাই ছিলাম। বাম কানে প্রচণ্ড ব্যথা পেয়েছি,’ বলেন নিপা।
পরবর্তী আইনি ব্যবস্থার গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

