ম্যানচেস্টার ডার্বিতে ভিএআর বিতর্ক: শাস্তির মুখে দুই রেফারি

উত্তেজনায় ঠাসা খেলা শেষে একদিন চলে গেলেও বিতর্ক পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ডার্বির। ম্যানচেস্টার সিটির ১-০ ব্যবধানের জয়ে আর্লিং হালান্ডের বিতর্কিত গোলটি ভিএআরের চোখ এড়িয়ে বৈধতা পাওয়ায় এবার কড়া মাশুল গুনতে হচ্ছে ম্যাচ অফিসিয়ালদের। ওই ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকা ম্যাট ডনহিউকে প্রিমিয়ার লিগের আগামী পর্বের সব ম্যাচ থেকেই ছেঁটে ফেলা হয়েছে।

একই ভুলের খেসারত দিতে হচ্ছে সহকারী ভিএআর ব্লেক অ্যানট্রোবাসকেও। পেশাদার রেফারিদের সংস্থা ‘প্রো রেফ’ এক বিবৃতিতে সোজা জানিয়ে দিয়েছে—হালান্ডের সেই গোলটি টিকিয়ে রাখা ভিএআরের পরিষ্কার ভুল সিদ্ধান্ত ছিল।

সংস্থার প্রধান কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব ও তার ম্যানেজমেন্ট দল যৌথভাবে এই শাস্তির সিদ্ধান্ত নেন। আগামী আন্তর্জাতিক বিরতির আগে এই দুই অফিসিয়ালের মাঠে বা ভিডিও কক্ষে ফেরার আর কোনো পথ খোলা নেই।

ঘটনার সূত্রপাত দ্বিতীয় অর্ধে। হালান্ড যখন বল জালে জড়ান, তখন মাঠের রেফারি শুরুতেই অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন। কিন্তু ভিএআর প্রযুক্তির সাহায্যে ডনহিউ দাবি করেন, নরওয়েজিয়ান এই স্ট্রাইকার অনসাইডেই ছিলেন। ফলে ভিএআর পর্যালোচনায় গোল পেয়ে যায় সিটি।

তবে গোল দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরবর্তীতে প্রো রেফ পরিষ্কার করে যে, ভিএআর মূল বিষয়টিই এড়িয়ে গেছে। অফসাইড পজিশনে থাকা সিটির অন্য ফুটবলার এনজো ফার্নান্দেজ যে বলটি খেলার চেষ্টা করে পুরো ঘটনার ওপর প্রভাব ফেলেছিলেন, তা বেমালুম ভুলে যান দায়িত্বে থাকা রেফারিরা।

 

Related Articles

Latest Posts