মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় শুক্রবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত মো. মুজিব আলী (২০) দত্তগ্রাম গ্রামের মো. আজিব আলীর ছেলে।
শ্রীমঙ্গলের ব্যাটালিয়ন-৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ছয় থেকে সাতজন বাংলাদেশি চোরাকারবারি চোরাই পণ্য আনার উদ্দেশ্যে দত্তগ্রাম সীমান্ত এলাকার পিলার ১৮৫২/৫-এস থেকে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০০ গজ ভেতরে অবৈধভাবে প্রবেশ করে।
বিএসএফ কর্মকর্তাদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আসিফ বলেন, বিএসএফের লাঠিয়াপুরা ক্যাম্পের সদস্যরা ওই দলটিকে আটকানোর চেষ্টা করলে বাংলাদেশি চোরাকারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে।
এর জবাবে আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা দুই-তিন রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেছে বিএসএফ। এতে বাংলাদেশি মুজিব আলী ঘটনাস্থলেই নিহত হন বলে জানান আসিফ।
‘দলের অন্য সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসে বর্তমানে আত্মগোপনে রয়েছেন,’ বিএসএফের বরাতে যোগ করেন তিনি।
ঘটনার পর বিএসএফ নিহত মুজিব আলীর মরদেহ নিয়ে গেছে বলেও জানান বিজিবির এই অধিনায়ক।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, ‘আমরা জানতে পেরেছি, নিশ্চিন্তপুর এলাকার মনু নদী পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর মুজিবকে বিএসএফ গুলি করে।’

