মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফ্লাইওভারের জোড়ার মাঝে ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় মরদেহটি পুরুষ নাকি নারীর, তা শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি বয়সও নির্ধারণ করা যায়নি।

এসআই মেহেদী হাসান বলেন, শুক্রবার রাতে মৌচাক ফ্লাইওভারের ওপরে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নেভায়। গত রাতে সিটি করপোরেশনের কর্মীরা ময়লার কাজ করতে এসে পোড়া মরদেহটি দেখতে পান। ধারণা করা হচ্ছে আগুনের ঘটনায় ওই ব্যক্তি পুড়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Latest Posts