মেসিকে কেন আর্জেন্টিনায় ফিরতে না বললেন রিকেলমে?

আর্জেন্টিনার জার্সিতে মেসির অধ্যায় শেষ। বিদায়ের পর তাকে নিয়ে যখন আবেগ আর শ্রদ্ধায় ভাসছে পুরো দেশ, তখন মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে। মেসির ক্যারিয়ারকে অবিশ্বাস্য বলে প্রশংসা করার পাশাপাশি বোকা জুনিয়র্সের সভাপতি মনে করেন, এখন আর আর্জেন্টিনার ফুটবলে ফেরার প্রয়োজন নেই মেসির। বরং যত দিন ইচ্ছা যুক্তরাষ্ট্রেই ফুটবল উপভোগ করা উচিত তার।

টাইসি স্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেসির জাতীয় দল থেকে অবসরের প্রসঙ্গে কথা বলেন রিকেলমে। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত আর্জেন্টিনা দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। একসঙ্গে খেলেছেন ২০০৬ বিশ্বকাপেও, আর ২০০৮ বেইজিং অলিম্পিকে জিতেছেন সোনার পদক।

মেসির অর্জনের কথা বলতে গিয়ে রিকেলমে বলেন, ‘আমাদের উচিত তাকে আরও বেশি ধন্যবাদ দেওয়া। সে যা কিছু করেছে, তার পর আমরা আর কী চাইতে পারি? সে নিজের সব স্বপ্ন পূরণ করেছে, আমাদের স্বপ্নও পূরণ করেছে। নিঃসন্দেহে আমি জানি না সে সর্বকালের সেরা কি না, কিন্তু সে সেরাদের কাতারে অবশ্যই আছে। কোনো ফুটবলার এত বছর ধরে সেরা পর্যায়ে থাকতে পারেনি, এটা অবিশ্বাস্য।’

মেসির সাফল্যের পেছনে যে দীর্ঘ সংগ্রাম ছিল, সেটিও মনে করিয়ে দেন রিকেলমে, ‘আর্জেন্টিনার মানুষ তাকে যে ভালোবাসা দিচ্ছে, সে তার সবটুকুই প্রাপ্য। কারণ সে নিজেকে নিংড়ে দিয়েছে, অনেক কষ্ট করেছে, শুরুতে জিততে ভীষণ সংগ্রাম করতে হয়েছে। শেষ পর্যন্ত সে সবকিছু অর্জন করেছে। ঈশ্বর তার প্রতি ন্যায়বিচার করেছেন, আর সেটাই দারুণ।’

মেসিকে এখন শুধু ভালোবাসা ও সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন রিকেলমে, ‘এখন তাকে ভালোবাসা দিন, স্নেহ দিন, এটাই তার প্রাপ্য। আর্জেন্টিনার ফুটবল এবং ফুটবলের জন্য সে যা করেছে, তার জন্য তাকে ধন্যবাদ দিতে হবে। পুরো বিশ্ব তাকে ভালোবাসে, আর সে এই ভালোবাসার যোগ্য।’

মেসির সঙ্গে রিকেলমের সম্পর্ক অবশ্য কেবল জাতীয় দলের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়। একসঙ্গে খেলে ২০০৮ অলিম্পিকে সোনার পদক জয়ের স্মৃতি রয়েছে তাদের। সেই সম্পর্কের কারণেই ২০২৩ সালে রিকেলমের বিদায়ী ম্যাচেও উপস্থিত ছিলেন মেসি।

এখনো তাদের মধ্যে সেই সম্পর্ক অটুট। মেসির সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে রিকেলমে বলেন, ‘আমি সবসময় তার সঙ্গে কথা বলি। আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক। সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমি তার সঙ্গে আরও বেশি খেলতে পারলে খুব খুশি হতাম। তবে তার সঙ্গে খেলতে পেরেছি, সেটাই আমার সৌভাগ্য। এমন অভিজ্ঞতা অনন্য। আমাদের মধ্যে যে ভালোবাসা ও সম্মান আছে, সেটাই সবচেয়ে বড় বিষয়।’

মেসির মতো আরেকজন ফুটবলার আর্জেন্টিনা পাবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রিকেলমে, ‘আমি একই কথা বলে যাব, আমরা আবার কখনো তার মতো একজন খেলোয়াড় পাওয়ার সৌভাগ্য অর্জন করব কি না, জানি না। ম্যারাডোনা মারা যাওয়ার সময়ও আমরা ভেবেছিলাম, এমন কেউ আর আসবে না। তারপর এমন একজন এল, যে সমান ভালো কিংবা তার চেয়েও ভালো। আমরা আর্জেন্টাইনরা সত্যিই অনেক ভাগ্যবান।’

তাই এখন মেসিকে নিজের মতো করে জীবন উপভোগ করতে দিতে চান রিকেলমে। তার মতে, জাতীয় দলের অধ্যায় শেষ করে মেসির উচিত যুক্তরাষ্ট্রে থেকেই যত দিন ইচ্ছা ফুটবল খেলে যাওয়া।

রিকেলমে বলেন, ‘এখন তাকে যত দিন ইচ্ছা যুক্তরাষ্ট্রে ফুটবল উপভোগ করতে দিন। আমরা আর্জেন্টাইনরা তাকে সবসময় অনেক ভালোবাসা ও স্নেহ দেব, যেটা সে প্রাপ্য।’

শেষে মেসির আর্জেন্টিনায় ফেরার প্রসঙ্গে নিজের অবস্থান আরও পরিষ্কার করেন বোকা সভাপতি। তার মতে, কাতার বিশ্বকাপে যা অর্জন করেছেন, তাতেই মেসি নিজের স্বপ্ন পূরণ করেছেন। এখন তার ওপর আর কোনো প্রত্যাশা চাপিয়ে দেওয়া উচিত নয়।

রিকেলমের ভাষায়, ‘বিশ্বকাপে সে যা পেয়েছে, তাতেই সে খুশি। সে অনন্য, তার কোনো বিকল্প নেই। স্পেনের হয়ে খেলার খুব সহজ সুযোগ তার সামনে ছিল, কিন্তু সে আমাদের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। এখন তাকে নিজের মতো থাকতে দিতে হবে এবং যত দিন সে খেলতে চায়, খেলতে দিতে হবে। তার জন্য যুক্তরাষ্ট্রে থাকাই ভালো। আর আমরা আর্জেন্টিনার সব ফুটবলপ্রেমী তার ভক্ত হয়ে তাকে ভালোবাসা দিয়ে যাব।’
 

Related Articles

Latest Posts