মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: গ্রেপ্তার ৯, দুই ট্রাক মালামাল উদ্ধার

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

স্বাস্থ্যকেন্দ্রটির লুট হয়ে যাওয়া দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে বলেও ডিএমপি সদরদপ্তর সূত্রে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাতে একদল লোক ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায়, স্থাপনাটিতে ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, এই ঘটনার সঙ্গে পুলিশের কোনো অবহেলা বা ব্যর্থতা ছিল কি না, তা তারা খতিয়ে দেখছেন।

এর পরিপ্রেক্ষিতে ডিএমপি একটি তদন্ত কমিটি গঠন করে এবং এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।

মিরপুর বিভাগের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার শনিবার রাতে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন, কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

হামলার ঘটনার পর গতকাল শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। 

Related Articles

Latest Posts