মাঠে বারবার ঢলে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

মাঠে নামলেন, আর কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়লেন মাটিতে। তিন দিনের ব্যবধানে দুইবার! বায়ার্ন মিউনিখ তারকা জামাল মুসিয়ালাকে নিয়ে ফুটবল বিশ্বে যখন চরম উদ্বেগ, ঠিক তখনই নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। ২৩ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার জানিয়েছেন, তিনি একধরনের স্নায়বিক সমস্যায় ভুগছেন।

মঙ্গলবার দ্বিতীয় বিভাগের দল হেইডেনহাইমের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছিল বায়ার্ন। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমেই হঠাৎ ঢলে পড়েন মুসিয়ালা। তাকে দেখে বেশ বিভ্রান্ত লাগছিল। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সঙ্গে তিনি মাঠ ছাড়েন। এর আগে গত শনিবার লাইপজিগের বিপক্ষে ম্যাচের সময়ও একইভাবে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতা নিয়ে বিস্তারিত জানান এই বায়ার্ন তারকা। তিনি জানান, এই স্নায়বিক সমস্যার কারণে মাঝেমধ্যে সাময়িকভাবে চেতনা হারানোর মতো ঘটনা ঘটে। তবে এটি নিরাময়যোগ্য।

মুসিয়ালা লেখেন, ‘পরীক্ষার পর আমার শরীরে হালকা ও ক্ষণস্থায়ী এক ধরনের “অ্যাবসেন্স সেজার” বা সাময়িক চেতনা হারানোর সমস্যা ধরা পড়েছে। এটি মূলত স্নায়বিক জটিলতার কারণে হয়। তবে সহজেই এটি সারিয়ে তোলা সম্ভব।’

বিষয়টি নিয়ে ভক্তদের ভয় না পাওয়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘লাইপজিগ আর হেইডেনহাইমের বিপক্ষে যা ঘটেছে, তা এই সমস্যার কারণেই। বাইরে থেকে দেখতে বিষয়টি যতই ভীতিকর মনে হোক না কেন, আমার কাছে এটি এখন খুব সাধারণ একটি ঘটনা।’

সেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন জানিয়ে ভক্তদের ধন্যবাদ দেন মুসিয়ালা। তিনি আশাবাদী, দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

এর আগে হেইডেনহাইমের ম্যাচ শেষে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল জানিয়েছিলেন, পুরো বিষয়টি ক্লাব কর্তৃপক্ষের জানা রয়েছে। শীঘ্রই মুসিয়ালা নিজে এ নিয়ে কথা বলবেন।

গত শনিবার মিউনিখে ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র গরমে লাইপজিগের বিপক্ষে খেলার সময় প্রথমবার মাঠে ঢলে পড়েছিলেন মুসিয়ালা।

ইনজুরি অবশ্য তার পিছু ছাড়ছেই না। গোড়ালির হাড় ভেঙে যাওয়ার কারণে গত মৌসুমের প্রথম ছয় মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাকে। তবে পরের অর্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। এরপর জার্মানির হয়ে মাঠে নামেন ২০২৬ বিশ্বকাপেও।

 

Related Articles

Latest Posts