আবহাওয়ার পূর্বাভাসকে সত্য প্রমাণিত করে বৃষ্টিতে ভেসে গেছে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের দুটি কোয়ার্টার ফাইনাল। তবে মাঠে খেলা না গড়ালেও হতাশ হতে হয়নি টুর্নামেন্টের দুই ফেভারিটকে। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান।
জাপানের আইচির নিশিনে সোমবার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তান ও হংকংয়ের। তবে মুষলধারে বৃষ্টির কারণে ম্যাচটিতে টস করাও সম্ভব হয়নি। ফলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সুবিধা পেয়ে সেমির টিকিট কাটে ছয় নম্বরে থাকা পাকিস্তান। আর টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ২৪তম স্থানে থাকা হংকং।
একই মাঠে ভারত ও আফগানিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ভাগ্যও নির্ধারণ করে দেয় বৃষ্টি। টস তো দূরের কথা, খেলা শুরু হওয়ার সম্ভাবনাই ছিল না। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারত এই আসরে পূর্ণশক্তির দল নিয়ে এলেও ১০ নম্বরে থাকা আফগানরা এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। কিন্তু একটি বলও না হওয়ায় র্যাঙ্কিংয়ের শক্তিতেই শেষ চারে পৌঁছে যায় ভারত।
‘আমরা ম্যাচের জন্যই এখানে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি নেমে এলো। গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, তাই আমাদের কপালটাই খারাপ। ভারতের বিপক্ষে খেলতে পারলে আমরা খুশি হতাম— আমাদের খেলোয়াড়রা বেশ ফর্মে রয়েছে,’ আফসোস নিয়ে বলেন আফগানিস্তানের মোহাম্মদ আকরাম।
তিনি যোগ করেন, ‘আমরা এই মাঠে দুটি ম্যাচ খেলেছি, তাই এখানকার কন্ডিশন খুব ভালোভাবেই আমাদের জানা। কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি এসে সবকিছু পণ্ড করে দিলো।’
আগামীকাল মঙ্গলবার টুর্নামেন্টের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিন মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা লড়বে নেপালের বিপক্ষে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের বিজয়ী দল সেমিতে মুখোমুখি হবে পাকিস্তানের, আর শ্রীলঙ্কা-নেপাল ম্যাচের জয়ী দলকে লড়তে হবে ভারতের বিপক্ষে।
তবে মঙ্গলবারের ম্যাচগুলোতেও যদি বৃষ্টির কারণে খেলা সম্ভব না হয়, সেক্ষেত্রে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে উঠে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

