যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে প্রচারে নেমে পাল্টাপাল্টি আক্রমণ চালাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এবারের ভোটে বদলে যেতে পারে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে কয়েক সপ্তাহ ধরে জোর প্রচার চালাচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের শেষ দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা করছে রিপাবলিকানরা।
অন্যদিকে, গত সপ্তাহ পর্যন্ত জনসমক্ষে তুলনামূলক কম সক্রিয় থাকলেও সম্প্রতি ট্রাম্পের সমালোচনা করে একের পর এক কঠোর ভাষণ দিয়েছেন ওবামা।
বুধবার আটলান্টার কাছে জর্জিয়ার মরো শহরে এক সমাবেশে অংশ নেন ওবামা। সেখানে তিনি ডেমোক্র্যাট সিনেটর জন অসফের পক্ষে ভোট দিতে আহ্বান জানান। রিপাবলিকান প্রতিনিধি মাইক কলিন্সের চ্যালেঞ্জের মুখে রয়েছেন অসফ।
ট্রাম্পের শুল্ক আরোপ ও ইরানে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করার পাশাপাশি ওবামা বলেন, এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের মূল্যবোধও নির্ধারিত হবে। এ সময় আটলান্টায় সমাহিত নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের স্বপ্নের কথা স্মরণ করেন তিনি।
ওবামা বলেন, ‘আমাদের সামনে এখন যেসব সিদ্ধান্ত রয়েছে, সেগুলোর সঙ্গে নৈতিকতারও সম্পর্ক আছে। মিথ্যা বলা, প্রতারণা করা ও অন্যকে ভয় দেখানো যদি দেশের শীর্ষ পর্যায়ের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, আর অর্থই যদি মানুষের মূল্য বিচারের একমাত্র মাপকাঠি হয়, তাহলে ভেঙে পড়া ব্যবস্থা ঠিক করা বা অর্থনীতিতে ন্যায্যতা ফিরিয়ে আনা সম্ভব নয়।’
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জীবনযাত্রার উচ্চ ব্যয় ও ইরান যুদ্ধ নিয়ে মার্কিনিদের অসন্তোষ বাড়ায় ট্রাম্পের জনসমর্থন প্রায় রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে রিপাবলিকান পার্টিতে এখনো গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে তার। দলের ভোটারদের আরও বেশি সংখ্যায় ভোটকেন্দ্রে আনতে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।

