মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে পুতিন-বিন সালমানের ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বৃহস্পতিবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনালাপে এই তাগিদ দেন তিনি।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকা রাশিয়া বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে। বিশেষ করে ইরান ও সৌদি আরব—উভয় পক্ষের সাথেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে মস্কো।

ফোনালাপ নিয়ে ক্রেমলিনের বিবৃতির বরাতে এএফপি জানায়, উভয় পক্ষ দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন এবং দীর্ঘমেয়াদি সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি উৎপাদন ও পরিবহন খাতে যে সংকট তৈরি হয়েছে, তা নিয়েও আলোচনা করেন পুতিন ও বিন সালমান।

তারা বলেন, এ পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এছাড়া বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে ওপেক প্লাস কাঠামোর আওতায় চলমান যৌথ প্রচেষ্টার গুরুত্বও তুলে ধরেন তারা।

পুতিন ও বিন সালমানের এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যখন ইউক্রেন ও সৌদি আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। একই সময়ে ইরানের ড্রোনের হামলার শিকার হচ্ছে সৌদি আরব।

Related Articles

Latest Posts