সুনেরাহ বিনতে কামালের অভিনয়জীবনের শুরু ‘ন ডরাই’ সিনেমা দিয়ে। অভিষেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসেন তিনি। এরপর নাটক ও সিনেমায় নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।
এবার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জনের সামনে সুনেরাহ। তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা জায়গা করে নিয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবার ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো সিনেমা।

সিনেমাটির সঙ্গে ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আসলে অনেক খুশির খবর। অনেক আনন্দের খবর। এই সিনেমার সবার জন্যই বিষয়টি আনন্দের। দেশের সিনেমার জন্যও। আমিও ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছি।’
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে সুনেরাহর প্রত্যাশাও বেশ ভালো। তার ভাষায়, সিনেমাটি ভালো হয়েছে এবং কাজটি করে তারও ভালো লেগেছে। পরিচালক ও পুরো টিমের প্রশংসাও করেন তিনি।
ভেনিসে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের প্রত্যাশা করছেন সুনেরাহ। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রবোদ্ধাদের সমাগম হবে সেখানে।
তার আশা, এই উৎসব থেকে অনেক কিছু শেখার সুযোগ হবে।

পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট সুনেরাহ।
তিনি জানান, শুটিং শেষ হওয়ার পরও পরিচালক নিয়মিত যোগাযোগ রেখেছেন। প্রতি সপ্তাহে কথা বলেছেন। বিষয়টি তার ভালো লেগেছে।
একটি ভালো সিনেমার জন্য কী প্রয়োজন—এমন প্রশ্নে সুনেরাহ বলেন, ‘ভালো গল্প, ভালো টিম, ভালো অভিনয়, ভালো পরিচালক—সবকিছু যখন ভালো হয়, তখনই একটি ভালো সিনেমা হয়, সুন্দর সিনেমা হয়। যা এই সিনেমায় আছে।’
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারই অবশ্য সুনেরাহর প্রথম যাওয়া নয়। কয়েক বছর আগে ‘মশারি’ সিনেমা নিয়ে কোরিয়ার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিলেন তিনি।
সিনেমা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘সিনেমা করতে চাই, কিন্তু ভালো সিনেমা করতে চাই। ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’
নতুন সিনেমার প্রস্তাব আসছে, তবে পছন্দ হলেই কাজ চূড়ান্ত করবেন বলে জানান তিনি।

বর্তমানে নাটক নিয়েই বেশি ব্যস্ত সুনেরাহ। বেশ কয়েকটি নাটকে কাজ করছেন তিনি। ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে ফিরে নতুন কাজে ফিরবেন।
সম্প্রতি তার অভিনীত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ প্রচার শেষ হয়েছে। নাটকটিতে সায়রা চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পেয়েছেন তিনি। এখন অনেক দর্শক তাকে সুনেরাহর চেয়ে ‘সায়রা’ নামেই ডাকছেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ভীষণ সাড়া পেয়েছি নাটকটি করে। বিশেষ করে যেখানেই যাই, সায়রা নামে অনেকে ডাকেন। ভালো লাগলো। ভালো কাজের এটাই প্রাপ্তি।’
নাটকের জনপ্রিয়তা ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন অর্জন—দুই দিক থেকেই সময়টা বেশ ভালো যাচ্ছে সুনেরাহর।

