বেঙ্গালুরুতে ইবোলা আতঙ্ক, পরে পরীক্ষায় নেগেটিভ ফলে স্বস্তি

আফ্রিকা মহাদেশ থেকে আসা এক নারী হাসপাতালে ভর্তি হওয়ার পর ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ইবোলা আতংক ছড়িয়ে পড়ে। 

গত মঙ্গলবার উগান্ডা থেকে আসা ওই নারী (২৮) মধ্যম মাত্রার গায়ে ব্যথার অভিযোগ করলে তাকে হোটেল থেকে রাষ্ট্রায়ত্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে আসা হয়।    

 

বেঙ্গালুরু জেলা সার্জন এবং ওই হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ড. অনিল কুমার বানেগার ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে জানান, ওই নারী সম্প্রতি উগান্ডা থেকে আহমেদাবাদে এসেছেন। পরবর্তীতে তিনি বেঙ্গালুরু পৌঁছান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে।   

তবে আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই নারীর ইবোলা পরীক্ষায় নেতিবাচক ফল এসেছে। এই খবরে রাজ্যের জনমানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।  
পরীক্ষার ফল নেতিবাচক হলেও কবে তিনি কোয়ারেন্টাইন থেকে বের হয়ে আসতে পারবেন, সেটা জানানো হয়নি। 

এক দিন আগেই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা নামে পরিচিত) ইবোলা প্রস্তুতি নিয়ে  সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। 

ইতোমধ্যে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ওই নারীর ইবোলা ভাইরাসের পরীক্ষার ফল নেতিবাচক এসেছে।’

মন্ত্রণালয় আরও জানায়, ২০১৪ সালের পর দেশটিতে কোনো ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। 

ড. অনিল কুমার রয়টার্সকে জানান, উগান্ডার বাসিন্দা ওই নারীর দেহে ইবোলা রোগের উল্লেখযোগ্য কোনো উপসর্গ দেখা দেয়নি। তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে এখনো কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

তবে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উগান্ডা থেকে আগত ওই নারী মধ্যম মাত্রার গায়ে ব্যথার অভিযোগ করেছিলেন। 

ইতোমধ্যে বিমানবন্দরসহ ভারতের সকল প্রবেশপথে ইবোলা শনাক্ত করার জন্য যাচাই বাছাই ও নজরদারি প্রক্রিয়া চালু করা হয়েছে। এ ছাড়া, সতর্কবাণী বিতরণসহ অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে। 

নাগরিকদের বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে আপাতত ভ্রমণ না করার উপদেশ দিয়েছে নয়াদিল্লি।  

আফ্রিকার গণস্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণে এ সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া-আফ্রিকা ফোরাম সম্মেলন স্থগিত করা হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে, বিশ্বজুড়ে ৯০০ জনেরও বেশি ইবোলায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০১ জন এই ভাইরাসের ‘বুন্ডিবুগিও’ ধরনে আক্রান্ত, যার এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা নেই।
 

Related Articles

Latest Posts