বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত: পাইলট নিহত, আহত ১৩

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে ধাক্কা খেয়ে বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট নিহত হয়েছেন। এই ঘটনায় ১৩ জন আহত হয়েছেন।

আজ শনিবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি চীনা কর্তৃপক্ষ।

রাজধানীর চাওইয়াং জেলা কর্তৃপক্ষ উইচ্যাটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এক-ইঞ্জিন ও দুই আসনের ওই ছোট উড়োজাহাজটি শুক্রবার বিকেল ৫টা ৫৫ মিনিটে একটি উঁচু ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা একমাত্র পাইলট মারা গেছেন। ঘটনাস্থলে ১৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ‘চায়না জুন’ নামে পরিচিত ওই ভবন থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে।

এছাড়া মাটিতে উড়োজাহাজের পেছনের একটি অংশ ও একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালা দেখা গেছে ফুটেজে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স দেখা গেছে।

এএফপির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিআইটিআইসি টাওয়ারে মাটির ওপরে ১০৮ তলা এবং নিচে ৭ তলা রয়েছে। টাওয়ারটি ১২ হাজার অফিসকর্মী ধারণ ক্ষমতাসম্পন্ন।

সিএনএন জানায়, ভবনটি চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশনেরের সদর দপ্তর বলে জানা গেছে। ২০১৮ সালের শেষদিকে নির্মিত এই ভবনটি বেইজিংয়ের সবচেয়ে উঁচু স্থাপনা, যা ‘চায়না ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ার ৩’ এর চেয়ে প্রায় ১৯০ মিটার উঁচু।

Related Articles

Latest Posts