বিশ্বকাপের আর বেশি দেরি নেই, অথচ প্রস্তুতির জায়গায় যেন রয়ে গেছে বড় ফাঁক। সিলেটে সাম্প্রতিক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে এমন অনিশ্চয়তা মোটেই স্বস্তির নয় টাইগ্রেসদের জন্য।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ নারী দল এখনো নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে পারেনি। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ের বাইরে এই ফরম্যাটে উল্লেখযোগ্য সাফল্য খুব একটা নেই। দীর্ঘ ১৪ বছরে প্রায় ১৫০টি ম্যাচ খেলেও ১৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড না থাকাটা দলের সীমাবদ্ধতাকেই সামনে আনে। ধীরগতির ব্যাটিং আর রক্ষণাত্মক মানসিকতা প্রায়ই দলকে চাপে ফেলে দেয়।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিন ম্যাচেই টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ, যা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে রান তাড়া করতে বারবার ব্যর্থ হওয়ার পরও একই কৌশল অব্যাহত রাখা সমালোচনার জন্ম দিয়েছে। এর সঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে রান না আসাও উদ্বেগ বাড়িয়েছে, তিন ইনিংসে করেছেন মাত্র ২০ রান।
তবে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন এই সিরিজটিকে দেখছেন পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে। তার মতে, বিশ্বকাপের আগে বিভিন্ন কম্বিনেশন যাচাই করতেই প্রতিটি ম্যাচে দল বদলানো হয়েছে। এমনকি শেষ ম্যাচে লেগ-স্পিনার ছাড়াও খেলেছে দল।
শিপনের ভাষায়, শক্তিশালী দলগুলোর বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করার প্রস্তুতি নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। যদিও তিনি স্বীকার করেছেন, ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো পিছিয়ে, বিশেষ করে বড় শট খেলার মতো ব্যাটারের অভাব রয়েছে দলে।
তবে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন তিনি। ওপেনিংয়ে জুরাইয়া ও দিলারাকে দিয়ে নতুন জুটি গড়া হয়েছে, যারা পাওয়ারপ্লেতে প্রায় ১০ রান হারে ব্যাট করে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। এখন প্রয়োজন পুরো ইনিংসে সেই গতি ধরে রাখা এবং ব্যাটিং প্যাটার্নে পরিবর্তন আনা।
আগামী ৫ মে বিশ্বকাপের দল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন শিপন, যদিও তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হবে না। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাওয়া দলটিই মূলত বিশ্বকাপ স্কোয়াড হওয়ার সম্ভাবনা বেশি।
বাংলাদেশ দল ২৪ বা ২৫ মে স্কটল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। তার আগে মিরপুরে একটি প্রস্তুতি ক্যাম্প হবে, যেখানে ম্যাচ পরিস্থিতি নিয়ে বিশেষভাবে কাজ করা হবে। ১২ মে শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্প।
স্কটল্যান্ড, বাংলাদেশ ও নেদারল্যান্ডসকে নিয়ে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজটি ২৮ মে থেকে শুরু হবে। আর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন, বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে।

