ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত আরও ২০ জন।
আজ শনিবার বিকেলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়ার বাইগদা বন্দেরবাড়ি এলাকায় আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াসিনের (১২) মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। সে সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথা ফেটে যায়।
এর জেরে ধরে আবুল হোসেন আজ সকালে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। সে সময় তার সঙ্গে আরও ১৫ থেকে ২০ জন ছিলেন। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে। সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে হামদু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার আট বছর বয়সী ছেলে হাসান গুরুতর আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম রকীব উর রাজা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

