বাবুই পাখির বাসা ভেঙে ২৯ ছানা হত্যার দায়ে কারাদণ্ড-জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা ভেঙে ডিম নষ্ট করার পাশাপাশি ছানা হত্যার ঘটনায় এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার উপজেলার পোপাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৮)। পেশায় তিনি কৃষক। তিনি পোপাদিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ২৯টি মৃত ছানা এবং বেশ কিছু ভাঙা ডিম পাই।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাদশা মিয়া তার অপরাধ স্বীকার করেন। তিনি দাবি করেন, পাখিরা তার জমির ধান খেয়ে ফেলছিল বলে ক্ষোভ থেকে তিনি এমনটি করেছেন।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১৩-এর ৩৮ ধারায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Related Articles

Latest Posts