বাবা হোর্হে মেসিকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। তবে মাঠে ফিরে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন আর্জেন্টাইন তারকা। ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো ওইয়োস জানিয়েছেন, কঠিন সময়ের মধ্যেও মেসিকে এখন ‘শান্ত’ মনে হচ্ছে।
গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। বাবার শেষকৃত্যে অংশ নিতে দলের কাছ থেকে ছুটি নিয়ে আর্জেন্টিনায় গিয়েছিলেন মেসি।
এরপর গত সপ্তাহে আবার মাঠে ফেরেন তিনি। লিগস কাপের ম্যাচে লেওনের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরপর রোববার ন্যাশভিলের বিপক্ষে শুরু থেকেই খেলেন। যদিও ম্যাচটি ৪-১ গোলে হেরে যায় ইন্টার মায়ামি।
মেসির বর্তমান মানসিক অবস্থা নিয়ে জানতে চাইলে কোচ ওইয়োস বলেন, ‘তাকে ভালোই দেখাচ্ছে। সে মাঠে নিজেকে প্রকাশ করছে, এমন একটি জায়গায় যেখানে সে খুব ভালোভাবে নিজেকে চেনে। তাকে শান্ত মনে হচ্ছে।’
বাবার মৃত্যুর পর মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি চিঠিতে নিজের কষ্টের কথা জানিয়েছিলেন। সেখানে হোর্হেকে শুধু বাবা নয়, বন্ধু ও প্রতিনিধি হিসেবেও উল্লেখ করেন তিনি। এমনকি বাবাকে ছাড়া কীভাবে এগিয়ে যাবেন, সেটি নিয়েও নিজের অনিশ্চয়তার কথা প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এমন কঠিন সময়েও মেসির দলের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। লেওনের বিপক্ষে ম্যাচের পর মেসিকে নিয়ে তিনি বলেন, ‘সে দারুণ একটি উদাহরণ তৈরি করছে। নিশ্চয়ই সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু খেলোয়াড়দের পাশাপাশি ক্লাবের প্রতিও সে যে দায়বদ্ধতা দেখিয়েছে, তা অবিশ্বাস্য। জীবনে আমি এমন কিছু কখনো দেখিনি।’

