ফিফা আসিয়ান কাপের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড থেকে ছয় ফুটবলারকে বাদ দিয়েছেন কোচ থমাস ডুলি। কাটছাঁটের বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বাবু বলেন, ‘এখন পর্যন্ত ছয়জন খেলোয়াড়কে প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে।’
বাদ পড়া খেলোয়াড়রা হলেন— সৈয়দ কাজেম শাহ, ঈসা ফয়সাল, রাব্বি হাসান রাহুল, তাজ উদ্দিন ও ট্রায়ালে যোগ দেওয়া দুই প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ হাসান ও দেবজিৎ সরকার।
প্রায় দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প এবং ফর্টিস এফসির বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচের পর এই সিদ্ধান্ত নিয়েছেন জার্মান-আমেরিকান কোচ ডুলি।
গত ২৫ আগস্ট আসিয়ান কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুশীলন শুরু হয় ২৮ আগস্ট। পাশাপাশি ট্রায়ালের জন্য ক্যাম্পে ডাকা হয় বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারকে।
ফিফা আসিয়ান কাপের অভিষেক আসরে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে থাকা লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে সিঙ্গাপুরের। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

