বগুড়ার সার্কাসের সেই অসুস্থ হাতিকে নেওয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

বগুড়ার সার্কাস দলের অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুরকে’ উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার মল্লিকপুর হাজীপাড়া গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ট্রাকে করে হাতিটিকে ঢাকার জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়।

বগুড়া সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. সবুর আলীর ৫৫ বছর বয়সী হাতি ‘বাদশা বাহাদুর’ এতদিন ‘দ্য বুলবুল’ সার্কাসে ছিল। কিছুদিন আগে হাতিটির অসুস্থতার বিষয়টি তুলে ধরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশে আজ হাতিটিকে উদ্ধার করা হয়েছে।

‘সবুর আলী জানিয়েছেন, তিনি আর হাতিটির খাবার জোগাড় ও চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না। বয়স্ক হাতিটির একটি পায়ে আঘাত রয়েছে। এ ছাড়া একটি দাঁত ভেঙে যাওয়ায় সেখানে সংক্রমণ হয়েছে’, বলেন রায়হান।

তিনি আরও বলেন, হাতিটিকে রাতে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। নিয়মিত খাবার ও প্রয়োজনীয় বিশ্রাম পেলে হাতিটি আবার সুস্থ হয়ে উঠবে।

 

 

 

 

 

Related Articles

Latest Posts