ফের বিবর্ণ ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

প্রতিপক্ষ দুর্বল হলেও আরও একবার চরম হতাশ করলেন ব্যাটাররা। দ্বাদশ ওভারে ৫৫ রানে ৬ উইকেট হারানোর বিপর্যয়ের পর পাওয়া সাদামাটা সংগ্রহ রক্ষা করলেন বোলাররা। রাবেয়া খান, মারুফা আক্তার ও নাহিদা আক্তারের নৈপুণ্যে শঙ্কা এড়িয়ে ২০২৬ নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩৪ রানে জিতেছে টাইগ্রেসরা। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে নাম লিখিয়েছে তারা। সেখানে তাদের অপেক্ষায় আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। একই ভেন্যুতে আগামী বৃহস্পতিবার হবে ম্যাচটি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ধুঁকে ধুঁকে ৭ উইকেটে ১০৩ রান তোলে বাংলাদেশ। ব্যাটাররা বিবর্ণ থাকার পর বাঁচা-মরার লড়াইয়ে দলকে দিশা দিতে জ্বলে ওঠেন বোলাররা। তারা একটুও লড়াই জমাতে দেননি প্রতিপক্ষকে। আরব আমিরাত পুরো ওভার খেলে স্কোরবোর্ডে জমা করতে পারে ৯ উইকেটে স্রেফ ৬৯ রান।

শুরুতেই চাপে পড়ে একাদশে দুই পরিবর্তন আনা বাংলাদেশ। অফ স্পিনার সুরক্ষা কোট্টের শিকার হয়ে ইনিংসের তৃতীয় ওভারের মধ্যে সাজঘরে ফেরেন ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। তারপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২৯ রানের এই জুটি ভাঙে জুয়াইরিয়া ২০ বলে ১৬ রানে আউট হলে।

কিছুদূর এগিয়ে সাজঘরের পথ ধরেন জ্যোতিও। তিনটি চারে ২৮ বলে ২৩ রান করেন তিনি। একাদশ ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ নিয়ে নিজের তৃতীয় শিকার ধরেন কোট্টে।

পরের ওভারে তৃতীয় ও চতুর্থ বলে জোড়া উইকেট নেন আরব আমিরাতের পেসার ইন্ধুজা নন্দকুমার। মুখোমুখি হওয়া প্রথম বলেই বিদায় নিয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন।

৩ রানে ৩ উইকেট হারিয়ে খাদের কিনারে পৌঁছে যাওয়া বাংলাদেশকে এরপর টানেন একাদশে ফেরা শারমিন আক্তার সুপ্তা। তাকে সঙ্গ দেন নাহিদা। তাদের সপ্তম উইকেট জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৪২ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে ১৯তম ওভারে আউট হন শারমিন। তার ৩১ বলের ইনিংসে চার তিনটি। নাহিদা ২৬ বলে ১৬ ও রাবেয়া ৪ বলে ৩ রানে অপরাজিত থাকলে অলআউট হওয়া থেকে বেঁচে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

রান তাড়ায় নামা আরব আমিরাতকে ইনিংসের কোনো পর্যায়েই তাল খুঁজে পেতে দেননি বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে অধিনায়ক এশা ওজা ও সামাইরা ধার্নিধার্কাকে বিদায় করে সুর বেঁধে দেন পেসার মারুফা। এরপর চার স্পিনারের সবাই উইকেট শিকারে যোগ দিলে ম্যাচ চলে আসে মুঠোয়।

একাদশে ফেরা লেগ স্পিনার রাবেয়া ১৪ রানে নেন ৩ উইকেট। ব্যাটিংয়ে অবদান রাখার পর বাঁহাতি স্পিনার নাহিদা ২ উইকেট পান ১৮ রান খরচায়। সমান সংখ্যক উইকেট নিতে মারুফা দেন মোটে ৯ রান। একটি করে শিকার ধরেন ফাহিমা ও সুলতানা খাতুন।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো স্বাগতিকদের পক্ষে দুজন যেতে পারেন দুই অঙ্কে। হিনা হোটচন্দনি ১৯ বলে ১৮ ও তীর্থ সতিশ ২৪ বলে ১১ রান করেন।

শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার।

Related Articles

Latest Posts