ফেনীতে পাল্টাপাল্টি মামলার পর কারাগারে স্বামী-স্ত্রী

ফেনীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা ও স্ত্রীর বিরুদ্ধে স্বামীর চুরির মামলায় দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ফেনীর সোনাগাজী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিদের ফেনী কারাগারে নেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবরে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমনের সঙ্গে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর স্ত্রী নাসিমা আক্তার চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন বলে অভিযোগ এনে চুরির মামলা করেন সুমন।

অন্যদিকে, নাসিমা বাদী হয়ে একই আদালতে স্বামী সুমন ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে যৌতুক আইনে আরেকটি মামলা করেন।

এ দুটি মামলা নজরে এলে দু’পক্ষকে আপস-মীমাংসার সুযোগ দেন বিচারক মিনহাজ উদ্দিন। আপস না হওয়ায় আজ নির্ধারিত তারিখে স্বামী-স্ত্রী দুজনই আদালতে হাজির হন। দু’পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে সুমন ও নাসিমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Related Articles

Latest Posts