আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে দল থেকে আলাদা হয়ে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন দুই স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল ও পেদ্রো পোরো। দলের বাকিরা যখন একসাথে ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে, এই দুজন তখন আলাদাভাবে এমএলএসের ক্লাব রেড বুল নিউইয়র্কের অনুশীলন সরঞ্জামাদি ব্যবহার করে নিজেদের প্রস্তুত করেছেন।
তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই দুই ফুটবলারের ফাইনাল খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। স্রেফ সতর্কতাবশত ও দুজনের ওয়ার্কলোড কমিয়ে সতেজ রাখার জন্যই এই আলাদা অনুশীলনের ব্যবস্থা।
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছিলেন, ফুলব্যাক পেদ্রো পোরো সামান্য চোট নিয়েই খেলছেন। রয়টার্স জানাচ্ছে, এই টটেনহাম ফুলব্যাকের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোটের সমস্যা রয়েছে, যদিও সেটা তেমন গুরুতর কিছু নয়।
ইয়ামালের পরিস্থিতি এতটাও গুরুতর কিছু নয়। পোরোর মতো কোনো চোট বহন করছেন না তিনি। ফ্রান্স ম্যাচে লুকা দিনিয়ে ও থিও হার্নান্দেজের মতো দুই শক্তিশালী ডিফেন্ডারকে সামলাতে হয়েছে ইয়ামালকে। এতে তার শরীরে সামান্য ব্যথা ও কালশিটের দাগ পড়েছে। ফাইনালের আগে দলের সবচেয়ে প্রতিভাবান তারকাকে সতেজ রাখার জন্যই তাই এমন সিদ্ধান্ত।
এই দুজন বাদে বাকি স্প্যানিশ দল নিউইয়র্কের ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরোদমে অনুশীলন করেছে। অনুশীলনের প্রথম ১৫ মিনিট মিডিয়ার জন্য উন্মুক্ত রেখেছিলেন দে লা ফুয়েন্তে।

