দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের ঘূর্নিতে চোখে যেন সর্ষে ফুল দেখলেন বাংলাদেশের ব্যাটাররা। ১৪২ রানে গুটিয়ে ম্যাচ তুলে দিলেন সফরকারীদের হাতে। তবে দ্বিতীয় ইনিংস নয়, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন তারা আসলে ম্যাচ থেকে পিছিয়ে গেছেন প্রথম ইনিংসে যথেষ্ট রান না করায়।
মিরপুরে প্রত্যাশিত টস জিতে আগে ব্যাট করে ২৭২ রান করে বাংলাদেশ। জবাবে ২৪৫ তুলে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিলো ২৭ রানে। সেই ঘাটতি নিয়ে তারা বল হাতে জ্বলে উঠে দ্বিতীয় ইনিংসে। জোমেল ওয়ারিকন, রোস্টন চেজের সামনে বাংলাদেশ ১৪২ রানে আটকে গেলে ১৭০ রানের লক্ষ্য পায় সফরকারীরা।
ম্যাচ হেরে গোমরা মুখে সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, প্রথম ইনিংসে উইকেট ব্যাটারদের অনুকূলে থাকা সত্ত্বেও প্রত্যাশিত রান করতে না পারাটাই হারের মূল কারণ, ‘আমার কাছে মনে হয় যে এই ম্যাচে আমরা ফার্স্ট ইনিংসে ব্যাটিংয়ে পিছিয়ে গেছি। ফার্স্ট ইনিংসে উইকেটটা যেরকম ছিল এবং আমরা যেভাবে দিন শেষ করলাম, ওইখানে আমরা অনেকটাই পিছনে চলে গেছি ম্যাচের। আমরা জানতাম যে পরের দিকে ব্যাটিং করাটা কঠিন হবে। ওই জায়গাটাতে যদি আমরা আরেকটু বড় রান করতে পারতাম, তাহলে লিডটা আরেকটু বড় পেতাম এবং খেলাটা ডিফারেন্ট হতে পারত।’
শান্ত বলেন, ‘আমার মনে হয় যে চতুর্থ ইনিংসে আমরা ভালো বল করিনি। আমাদের সেকেন্ড ইনিংসে আমরা ভালো বল করিনি। ১৭০ কম রান, অবশ্যই কম রান। কিন্তু আমার মনে হয় যে তারপরেও আমরা আরেকটু ভালো বল করতে পারতাম।’
সিনিয়র ব্যাটার হিসেবে নিজের কাঁধেও দায় চেপে নিয়েছেন শান্ত। তিনি বলেন, দীর্ঘ অভিজ্ঞতা থাকার পরও প্রথম ইনিংসে দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে না পারাটা দলের ওপর প্রভাব ফেলেছে। নিজের ও দলের এই ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
অল্প রান তাড়ায় কয়েকটি আম্পায়ার্স কল নিজেদের পক্ষে না আসায় দুর্ভাগ্যের কথাও জনান শান্ত। তবে সব মিলিয়ে ভালো ক্রিকেট খেলতে না পারার দায়টাই দেখছেন বড় করে।

