রাজধানীর সদরঘাটে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে এক বিক্রয়কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত মিতুল (২০) ঝালকাঠি সদর উপজেলার সাবাংগল গ্রামের বাসিন্দা রাসেল সরদারের ছেলে। ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের ১৩ তলায় থাকতেন তিনি।
সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মেহমেনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন দোকানের একদল কর্মচারী ১৩ তলায় গিয়ে কাঁচি দিয়ে মিতুলের বুকে আঘাত করে।
পরিদর্শক মেহমেনুল আরও জানান, দুই দিন আগে বাজারে ঝগড়ার সময় মিতুল এক ব্যক্তিকে চড় মেরেছিলেন বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরে এই হত্যার বিচার দাবিতে সদরঘাট থেকে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত নিহতের আত্মীয়সহ বিক্ষুদ্ধ জনতার একটি মিছিল হয়।
মিতুল ঢাকা মহানগর দক্ষিণের ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সক্রিয় মুফতিজুল কবির কিরণ।

