পাম্পে ভিড়, সরিষাবাড়ী–তারাকান্দি মহাসড়কে যানজট

জামালপুরের সরিষাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল বিক্রি ঘিরে সরিষাবাড়ী–তারাকান্দি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজটে দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

উপজেলার বয়ড়া এলাকায় অবস্থিত ‘নুরজাহান ফিলিং স্টেশন’-এ আজ বুধবার সকাল ৯টার দিকে তেল বিক্রি শুরু হয়।  এ খবর ছড়িয়ে পড়লে শত শত মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহন পাম্পের সামনে ভিড় করে। ফলে তিন ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কটি অচল হয়ে আছে।  

স্থানীয়রা জানান, হঠাৎ বিপুল সংখ্যক যানবাহনের চাপে সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ আছে। কখন এই যানজট নিরসন হবে, সে বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।  

বগুড়া থেকে আসা ট্রাকচালক মাহমুদুল হাসান বলেন, আমি তিন ঘণ্টা ধরে রাস্তায় ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছি। আমার সামনের গাড়িগুলো আরও বেশি সময় ধরে আটকে আছে।

আরেক ট্রাকচালক নয়ন মন্ডল বলেন, পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দুর্বল ব্যবস্থাপনাই এর কারণ।

তবে পাম্পের মালিক বাদশা মিয়া বলেন, এত মানুষ সামলানো সহজ নয়। আমরা চেষ্টা করেছি, কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

Related Articles

Latest Posts