পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী বারীর গাড়ি ধানখেতে

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিমন্ত্রী ঢাকা থেকে জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ডান পায়ে সামান্য আঘাত পেয়েছেন তিনি। গাড়িতে তার স্ত্রীও ছিলেন। তিনি সুস্থ আছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর বর্তমানে প্রতিমন্ত্রী কালাই উপজেলায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন জানিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ঢাকা থেকে জয়পুরহাটে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে গোপীনাথপুর এলাকায় তার গাড়ি পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধ নারী পথচারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গেলে গাড়িটি পাশের ধানখেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী পায়ে সামান্য আঘাত পান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিমন্ত্রীর গাড়িতে থাকা আরেক নারী এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Latest Posts