নাইক্ষ্যংছড়ি সীমান্তে মর্টার বিস্ফোরণে কিশোর নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মর্টার বিস্ফোরণে ১২ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার ৩৯ ও ৪০ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সতনাইং তঞ্চঙ্গ্যা (১২) ওই এলাকার কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ ও বিজিবি জানিয়েছে, সকালে বাবা-মায়ের সঙ্গে জুমে গিয়েছিল সতনাইং। দুপুরের দিকে জুমের নিচের অংশে মিয়ানমার সীমান্তের কাঁটাতারের কাছাকাছি একটি মর্টার কুড়িয়ে পায় সে। মর্টারটি নিয়ে জুম ঘরে এসে খেলার একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মোজাম্মেল বলেন, ‘বিস্ফোরণের পর স্থানীয়রা নিহত কিশোরের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করে বাইশফাঁড়ি এলাকায় নিয়ে আসেন। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।’

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ঘুমধুম ইউপি সদস্য বাবুল বলেন, ‘আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের জেরে বাংলাদেশের সীমান্তবর্তী আরও অনেক এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে-ছিটিয়ে থাকার আশঙ্কা রয়েছে।’

এ ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু শনাক্ত ও অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

Related Articles

Latest Posts