নতুন স্টেডিয়ামের অভিষেকে মেসির গোল

লিওনেল মেসির জাদুকরী ছোঁয়ায় অভিষেক হলো ইন্টার মায়ামির নতুন এবং আধুনিক ‘নু স্টেডিয়ামের’। প্রায় ১০ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজেদের স্থায়ী ঠিকানায় প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মায়ামি। আর সেই মাহেন্দ্রক্ষণকে গোল করে স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন মহাতারকা। যদিও ম্যাচটি জিততে পারেনি তার দল।

শনিবার অস্টিন এফসির বিপক্ষে এই ঐতিহাসিক ম্যাচে গ্যালারি ভর্তি ২৬ হাজার দর্শকের সামনে মায়ামির হয়ে সমতাসূচক প্রথম গোলটি করেন মেসি। সাধারণত বাঁ পায়ের জাদুতে মুগ্ধ করলেও এদিন ইয়ান ফ্রের ক্রস থেকে দর্শনীয় এক হেডে গোল করে স্টেডিয়াম মাতিয়ে তোলেন তিনি। মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের জন্য দিনটি ছিল আবেগের, কারণ ‘তার’ বহু বছরের স্বপ্ন ছিল মায়ামির বুকে এমন একটি নান্দনিক ফুটবল স্টেডিয়াম গড়া।

ম্যাচের শুরুতে অস্টিন গোল করে মায়ামিকে স্তব্ধ করে দিলেও মেসির সেই গোল দ্রুতই ম্যাচে প্রাণ ফিরিয়ে আনে। তবে অভিষেক ম্যাচটি জয়ের রঙে রাঙাতে পারেনি ইন্টার মায়ামি। আক্রমণ ও বল দখলে দাপট দেখালেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নদের।

দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন অভিজ্ঞ লুইস সুয়ারেজ। শেষ দিকে সুয়ারেজ আরও একবার জালে বল পাঠিয়ে জয়ের আশা জাগিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। জয় না এলেও নতুন ঘরের প্রথম ম্যাচে মেসির গোল আর গ্যালারির উন্মাদনাই ছিল দিনটির মূল আকর্ষণ।

 

Related Articles

Latest Posts