দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের আজকের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
গত তিন দিনের টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে পরিবহন সংকট। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাসে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এক দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

