নিরাপত্তা উদ্বেগের কারণে সূচী বদলানোর প্রস্তাব দিয়েছিল দিল্লি পুলিশ। তবে সেই আবেদন নাকচ করে পূর্বনির্ধারিত তারিখেই গড়াচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের কারণে অরুণ জেটলি স্টেডিয়ামের ম্যাচটি নিয়ে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। ফলে প্রথম টি-টোয়েন্টি অন্তত একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় দিল্লি পুলিশ।
তবে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) স্পষ্টভাবে জানিয়ে দেয়, সূচীতে কোনো পরিবর্তন আসছে না। আগামী রবিবারই নির্ধারিত সময়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় ডিডিসিএ জানায়, ‘১৩ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি সময়মতোই হবে। দিল্লি ট্রাফিক পুলিশের সঙ্গে বৈঠকের পর প্রয়োজনীয় সব সহায়তা ও ব্যবস্থার আশ্বাস পাওয়া গেছে।’
ডিডিসিএ যথাসময়ে খেলা আয়োজনের ব্যাপারে অনড় থাকলেও আয়োজক সংশ্লিষ্ট একটি সূত্রের মতে, পরিস্থিতি বিবেচনায় সূচীতে শেষ মুহূর্তেও রদবদলের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

