দিনাজপুরে শাবল দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শাবল দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বজনপুকুর বন্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।    

নিহত কুলসুম আক্তার মিমি (৩০) বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে ওই গ্রামে নিজের বাবার বাড়িতে থাকতেন। এ দম্পতির ৩ সন্তান রয়েছে।

গ্রেপ্তার স্বামী মানিক হোসেন (৩৫) পাশের পূর্ব গৌরীপাড়া গ্রামের বাসিন্দা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ্‌ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে তিনি জানান, ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মানিক লোহার শাবল দিয়ে মিমির মাথায় ও বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মিমির মৃত্যু হয়।

সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মানিককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা মেহেরুন নেছা বাদী হয়ে মানিককে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। পরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Related Articles

Latest Posts