তীব্র সমালোচনার মধ্যেই এমবাপেকে ইনফান্তিনোর বার্তা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন বিশ্ব ফুটবলে তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপেকে অভিনন্দন জানিয়ে বিস্ময়কর এক বার্তা দিয়েছেন তিনি। তবে বিশ্বকাপ শেষ হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর ইনফান্তিনোর এই শুভেচ্ছাবার্তা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স চতুর্থ হয়ে আসর শেষ করলেও ব্যক্তিগতভাবে দারুণ একটি টুর্নামেন্ট কাটিয়েছেন এমবাপে। ১০ গোল করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোলের তালিকায় নতুন উচ্চতায় উঠেছেন ফরাসি অধিনায়ক।

A post shared by Gianni Infantino – FIFA President (@gianni_infantino)

১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন। কিন্তু এমবাপের এমন কীর্তির প্রশংসা করতে ইনফান্তিনোর সময় লেগেছে আরও দুই সপ্তাহের বেশি।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এমবাপেকে অভিনন্দন জানান ফিফা সভাপতি, ‘ফ্রান্সের উজ্জ্বল তারকা কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে অসাধারণ কীর্তি গড়েছেন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ১০ গোল করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন তিনি।’

এরপর এমবাপের রেকর্ডের কথাও তুলে ধরেন ইনফান্তিনো, ‘ফ্রান্সের অধিনায়ক বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং ফ্রান্স জাতীয় দলের হয়েও সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে ওঠা।’

তবে ইনফান্তিনোর এই বার্তা এসেছে এমন এক সময়ে, যখন তার নিজের অবস্থানই চাপে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি।

তার প্রস্তাবিত পরিকল্পনা ঘিরে ইউরোপ, এশিয়া ও কনকাকাফ অঞ্চলের ফুটবল কর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এমনকি তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

এই পরিস্থিতিতে বিশ্বকাপ শেষ হওয়ার অনেক দিন পর এমবাপেকে নিয়ে ইনফান্তিনোর প্রকাশ্য প্রশংসা তাই স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। যদিও তার বার্তার উদ্দেশ্য নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

Related Articles

Latest Posts