তাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটের প্রাণহানি

ইঞ্জিল বিকল হয়ে গেলে কি করণীয়, সে বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার সময় তাইওয়ানের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 

এই দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমানের দুই পাইলট নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বশাসিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

টি-৩৪ মডেলের বিমানটি স্থানীয় সময় সকাল ৮টা বেজে ৮ মিনিটে গাংশান বিমানঘাঁটির রানওয়ের উত্তর পাশে বিধ্বস্ত হয়। 

মন্ত্রণালয়ের বিবৃতি মতে, বিমানঘাঁটির অবস্থান তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাওহসিউং-এ। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনী একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। নিহত দুই পাইলটের নাম লেফটেন্যান্ট কর্নেল লু এবং লেফটেন্যান্ট কর্নেল গুও।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক বিবৃতিতে বলেন, প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত’।

তিনি নিহত পাইলটদের ‘বীর’ হিসেবে উল্লেখ করেন এবং তাইওয়ানের জন্য তাদের ‘ত্যাগ ও নিষ্ঠার’ প্রশংসা করেন।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিমানবাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, তাইওয়ানের বিমানবাহিনীতে পাইলটদের প্রাথমিক প্রশিক্ষণের জন্য প্রধান প্রশিক্ষণ বিমান হিসেবে এক ইঞ্জিনবিশিষ্ট টি-৩৪ বিচক্রাফট প্রপেলার বিমান ব্যবহার করা হয়।

এই বিমানগুলো প্রথম ১৯৮৪ সালে তাইওয়ানকে সরবরাহ করা হয়েছিল।

Photography by Jim Raeder

গত জানুয়ারিতে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় তাইওয়ানের পূর্ব উপকূলের কাছে যুক্তরাষ্ট্রে নির্মিত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয়েছিল। 

ধারণা করা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে পাইলট বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। 

তবে এখনো তিনি নিখোঁজ আছেন।

Related Articles

Latest Posts