রাজধানীর ডেমরায় বিএনপি নেতা সেলিমের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা (৩৫) ও তাপস (৩৮)।
আজ মঙ্গলবার ডিএমপি ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী দ্য ডেইলি স্টারকে জানান, বিএনপি নেতা সেলিমের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়। প্রযুক্তির সহায়তায় এ ঘটনার সঙ্গে তাপসের সংশ্লিষ্টতা পাওয়া যায়। গত রাতে ডেমরার সুলতানা কামাল ব্রিজের ঢাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জলিল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এই মামলার সঙ্গে জড়িত মাসুদকে গ্রেপ্তার করে।
ডিসি জানান, ওই বাড়ির পরিত্যক্ত কক্ষ থেকে পুলিশ একটি পুরোনো শটগান এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে তাপস ও মাসুদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বরপা এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালায়। সেখানে একটি কক্ষের সানশেড থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
ডিসি সামী আরও বলেন, তারা এই বিষয়ে নিশ্চিত হয়েছেন যে উদ্ধারকৃত অস্ত্রগুলো সেলিমের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত হয়েছিল।
এর আগে ২৮ আগস্ট হেলমেট পরা আট থেকে নয়জন সেলিমের বাড়িতে গুলিবর্ষণ করে। পরে সেলিম অজ্ঞাতনামা আটজনকে আসামি করে মামলা করেন।
ডিসি সামী বলেন, এই দুজনকে নিয়ে এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

