‘ডিইউ ইভালুয়েশন-নির্ভীক জুলাই-জিন্নাহর ছবি’ তদন্তে ঢাবির ৩ কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সাম্প্রতিক তিনটি পৃথক ঘটনা তদন্ত ও সুপারিশ দিতে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

ডাকসুর ‘ডিইউ ইভালুয়েশন’ নামে ওয়েবসাইট চালু, কলাভবন-সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্ত ও এসব বিষয়ে সুপারিশ দিতে কমিটিগুলো গঠন করা হয়েছে।

আজ সোমবার ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩- এর ১২ (৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়। কমিটিগুলোর প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। কমিটিগুলোকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

‘ডিইউ ইভালুয়েশন’ নামে ওয়েবসাইট চালুর বিষয়ে তদন্ত কমিটি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ডিইউ ইভালুয়েশন’ নামে ডাকসু কর্তৃক ওয়েবসাইট চালুর বিষয় তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলকে (প্রশাসন) আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়ে তদন্তের জন্য কমিটি

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডাকসু কর্তৃক ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন-সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয় তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়।

কমিটির সদস্যরা হলেন—বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন এবং প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবির ঘটনা তদন্তে কমিটি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরকে (প্রশাসন) আহ্বায়ক করে ৫ সদস্যের  কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন—আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং প্রক্টর। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার।

Related Articles

Latest Posts