ডাচ কোচকে ধুয়ে দিলেন ইব্রাহিমোভিচ

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে নেদারল্যান্ডসের বিদায়ের পর কোচ রোনাল্ড কোমানকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তার অভিযোগ, জয়ের আশায় ডাচ ফুটবলের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক দর্শন বিসর্জন দিয়ে রক্ষণাত্মক কৌশল বেছে নিয়েছিলেন কোমান, আর সেটিই দলের বিদায়ের সবচেয়ে বড় কারণ।

মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে প্রথমবারের মতো পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামেন কোমান। দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর গোলে এগিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় নেদারল্যান্ডস। পরে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ডাচরা।

ফক্স স্পোর্টসে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে ইব্রাহিমোভিচ বলেন, ‘এই হার পুরোপুরি কোমানের দায়। আমি যে নেদারল্যান্ডসকে চিনি, মাঠে সেই দলকে দেখিনি। তিনি এমন এক পরিচয়ে হেরেছেন, যা ডাচ ফুটবলের পরিচয়ই নয়। এটাই আমাকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় শিখেছি আক্রমণ, আক্রমণ আর আক্রমণ। এটাই নেদারল্যান্ডসের ফুটবল। আজ কোম্যানকে ইতালিয়ান কোচের মতো লাগছিল। তিনি জিততে নয়, হার এড়াতে খেলেছেন। অথচ নেদারল্যান্ডস সবসময় জয়ের জন্যই খেলে। হারলেও নিজের পরিচয় নিয়েই হারো, সেটি বদলে নয়।’

ডাচ দলের খেলার ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জ্লাতান, ‘এটি সেই নেদারল্যান্ডস নয়, যাদের আমি দেখতে অভ্যস্ত। খেলোয়াড়দের মধ্যেও স্বাচ্ছন্দ্য ছিল না। বলের দখল ছিল না, আক্রমণাত্মক ফুটবলও ছিল না। পুরো বিষয়টি খুবই বাজে দেখিয়েছে, আর এর দায় সম্পূর্ণ কোমানের। আমি একদমই এটি পছন্দ করিনি।’

জ্লাতানের সমালোচনার সঙ্গে সুর মিলিয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরিও, ‘আপনি একজন মিডফিল্ডারকে তুলে ডিফেন্ডার নামাচ্ছেন। এর মানে আপনি মরক্কোকে ভয় পাচ্ছেন। অবশ্য জিতলে সবাই বলত আপনি ঠিক ছিলেন, আর হারলে ভুল। তবে আমি সত্যিই অবাক হয়েছি, কারণ নেদারল্যান্ডস সাধারণত এভাবে খেলে না। কোমানের হয়তো ভিন্ন পরিকল্পনা ছিল।’
 

Related Articles

Latest Posts