জুলাই অভ্যুত্থানের ২ মামলায় আগাম জামিন পাননি নায়ক রিয়াজ

জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ।

আজ বৃহস্পতিবার জামিন চেয়ে তার দুটি আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

পরে আবেদনগুলো রিয়াজের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহের হোসেন সাজুর কাছে ফেরত দেওয়া হয়।

আবেদন করা হয়েছিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, জুলাই অভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় করা মামলাগুলোতে রিয়াজের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন বিচারক।

তিনি বলেন, জামিনে না থাকায় রিয়াজকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারবে।

মামলা দুটি করা হয় শাহবাগ ও যাত্রাবাড়ী থানায়। তবে মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

রিয়াজের আইনজীবী মোতাহের হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Related Articles

Latest Posts