জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও সৎভাইকে হত্যার অভিযোগ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও সৎভাইকে হত্যার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—দুলু মিয়া (৭০) ও তার ছেলে মো. কাবিল (৩২)।

স্থানীয়দের বরাতে ওসি মাহমুদুন নবী বলেন, দুলু মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে ও দ্বিতীয় স্ত্রীর ঘরেও দুই ছেলে। তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই বসবাস করতেন।

তিনি বলেন, আজ সকালে দুলু মিয়া প্রথমপক্ষের দুই ছেলে হাবিল ও কাবিলকে নিয়ে ভুটাখেতে ফসল তুলতে যান। এ সময় দ্বিতীয়পক্ষের ছেলে সাদিকুল ও সাকিব সেখানে গিয়ে জমির ভাগ দাবি করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাদিকুল ধারালো ছুরি দিয়ে বাবা দুলু মিয়া ও সৎভাই কাবিলকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যান।

ওসি মাহমুদুন নবী আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Articles

Latest Posts