জনগণ সচেতন না হলে আইনি ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

আজ শনিবার সকালে সোয়ারীঘাট লঞ্চঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

এদিন বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা ও জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ উদ্বোধন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

জনগণের সহযোগিতা পেলে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধ আন্দোলন সফল হবে মন্তব্য করে সালাম বলেন, আমরা কোনোভাবেই চাই না ডেঙ্গুতে মানুষের মৃত্যু হোক। এই রোগের জন্য ৮০ শতাংশ দায়ী মানুষের অসাবধানতা।

তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সিটি করপোরেশনের অনেককে বরখাস্ত করা হয়েছে।

সালাম বলেন, ‘সিটি করপোরেশনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।’

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমাদের মোবাইল কোর্ট বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফাইন করা হচ্ছে। এটাকে আমরা আরও বাড়াবো।’

‘তারপরেও যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে উনাদেরকে আইনের আওতায় নেওয়ার কোনো বিকল্প নেই,’ যোগ করেন তিনি।

বিরোধীদলের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, ‘ভাই লংমার্চ, রোড মার্চ না করে সরকারকে একটু সময় দেন। আপনিও ঠান্ডা থাকেন, দেশটা যাতে ভালো মতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়…পাঁচ বছরের জন্য জনগণ রায় দিয়েছে, অপেক্ষা করেন! একটু ধৈর্য ধরেন! ছয় মাস অতিক্রান্ত হয় নাই, এখনই বলেন পাই নাই, পাই নাই। আরে ভাই! ছয় মাস আগেও তো আমরা সবাই মিলেই বলছি পাই নাই, পাই নাই—বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, টাকা নাই।’

‘আগেও আমি বলেছি যে, তারেক রহমানের কাছে তো জাদুর চেরাগ নাই যে তিনি ঘষা দিলেই ছয় মাসে একেবারে সব সমাধান হয়ে যাবে। সময় দেন। জনগণের দুর্ভোগে না বাড়িয়ে, পুরাতন স্বৈরাচারকে ফিরে আসার পথ না করে দিয়ে জনগণের পাশে থাকেন,’ যোগ করেন তিনি।

সরকারের পরিচ্ছন্নতা কার্যক্রমে বিরোধীদল সহযোগিতা করলে খুশি হতেন বলে জানান সালাম।

তিনি আহ্বান জানান, ‘আসেন না! দুই-চার জায়গায় আমাদের সাথে, আমরা বর্জ্যটা পরিষ্কার করি। আমরা বুড়িগঙ্গাকে পরিষ্কার করার চেষ্টা করি।’

তা না করলে ‘ডিসটার্ব’ না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সালাম জানান, কয়েক দিনের মধ্যে ঢাকার চারদিক দিয়ে নৌ চলাচলের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, বুড়িগঙ্গাকে কেন্দ্র করে এক সময় ঢাকা গড়ে ওঠে। দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগের জন্য বুড়িগঙ্গাকে বেছে নেয়া হয়েছিল। আজ সেই অবস্থা নেই। কিন্তু সেই অবস্থা ফিরিয়ে আনতে হবে।

পলিথিন মারাত্মক সমস্যা আকারে আমাদের মাঝে ফিরে এসেছে উল্লেখ করে সালাম বলেন, বর্জ্য রিসাইকেল করে কীভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সে ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।

‘আমরা বিশ্বাস করি, কয়েক মাসের মধ্যেই আমরা প্রাথমিক ধাপে যেতে পারব, এবং তখন বর্জ্য সম্পদে রূপান্তরিত হবে। তখন আর বর্জ্য যেখানে-সেখানে পড়ে থাকবে না। আমরা এই দুইটাই চাচ্ছি।’

কামরাঙ্গীচরে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করার জন্য স্পেশাল পাইলট প্রোগ্রাম নেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।

Related Articles

Latest Posts