জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় তিনি এই আশ্বাস দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা পূরণ করে।’

গত ১৬-১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো, গুম হয়ে যেত, মামলা হতো, এসে ধরে নিয়ে যেত। যারা এসব করতো, দেশের মানুষ ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বহু মানুষ শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য।’

তারেক বলেন, ‘এখন আমাদের সময় হচ্ছে দেশকে পুনর্গঠন করার। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলাম। ঠিক একই সময় আমাদের এই এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ সেই সময় স্বাধীন হয়েছিল। তার একটু আগে-পরে। কিন্তু সেই দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। এক বিরাট স্বৈরাচারের কবলে পড়েছিল এই দেশ, এই দেশের মানুষ। সেই স্বৈরাচার থেকে কবল থেকে এই দেশকে দেশের মানুষ মুক্ত করেছে। যেভাবে ঠিক ১৯৭১ সালে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে এসেছিল।’

‘দেশ শুধু স্বাধীন করলে হবে না। দেশ যদি স্বাধীন করি, দেশকে যদি স্বৈরাচারমুক্ত করি, পরবর্তী কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া,’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ পুনর্গঠন আমরা একা, সরকার একা পারবে না।’

বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মালিক উল্লেখ করে তিনি বলেন, ‘মালিক যখন নিজে দায়িত্ব নিয়ে তার দেশের দেখভাল করে, তখনই দেশ সামনের দিকে এগিয়ে যায়। মালিক আজ দায়িত্ব দিয়েছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলকে গত ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে। কারণ আমরা আমাদের যেসব পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষ ১২ তারিখ নির্বাচনে সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে রাষ্ট্র সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

প্রধানমন্ত্রী কুমিল্লায় পৌঁছানোর পর সাধারণ জনগণ স্লোগান দেয় ‘কুমিল্লা বিভাগ চাই’। সেই ঘটনার উল্লেখ করে তারেক বলেন, ‘এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে সেটির বাস্তবায়ন হবে।’

Related Articles

Latest Posts