ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার ২

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রোববার দুপুরে র‍্যাবের বার্তায় জানানো হয়, মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

চোখের চিকিৎসার জন্য গতকাল শনিবার ভোরে ঢাকায় পৌঁছান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন (৫৬)।

গাবতলী বাস টার্মিনাল থেকে রিকশায় করে যাচ্ছিলেন খামারবাড়ি এলাকার ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। সঙ্গে ছিলেন স্বামী আব্দুল মতিন।

ভোর সাড়ে ৬টার দিকে তাদের রিকশা মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছায়। সেই সময় মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ধস্তাধস্তির এক পর্যায়ে রিকশা থেকে পড়ে যান রনজিলা। আহত অবস্থায় তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Latest Posts